শতকোটি ডাউনলোড পোকেমন গো
২০১৬ সালের জুলাই মাসে মুক্তির কয়েক সপ্তাহেই গেমারদের নজরে চলে আসে পোকেমন গো। জনপ্রিয়তার তুঙ্গে থেকে তিন বছরের মাথায় ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে গেমটি। কয়েক ডজন দেশের লাখো মানুষ গেমিটির প্রেমে পড়ে গেছেন। খেলতে খেলতে হেঁটেছেন মাইল পথ। বোকা পকেট দানবগুলোকে ধরতে গাড়িও ভেঙ্গেছেন। একবার আনস্টল করে ফের ইনস্টল করেছেন।
এমন বাধভাঙ্গা জনপ্রিয়তায় মধ্যে চলতি সপ্তাহেই শতকোটি ডাউনলোডের মাইলফলক পাড়ি দেয়ার একটি ভিডিও প্রকাশ করেছে পোকেমন গো-এর ডেভেলপার কোম্পানি নিয়ানটিক। জাপানের ইউটিউব চ্যানেল থেকে সাবটাইটেলসহ ভিডিওটি প্রকাশ করা হয়।
এদিকে মুক্তি পাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই ৫০ কোটি বার ডাউনলোড হয়েছিলো পোকেমন গো। ২০১৮ সালের মে মাসের হিসেব অনুযায়ী, এর প্লেয়ার সংখ্যা ছিলো ১৪৭ মিলিয়ন (১৪ কোটি ৭০ লাখ)। সেনসর টাওয়ার ডাটার তথ্য অনুযায়ী, গত তিন বছরে গেমটি থেকে আয় হয়েছে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত,লোকেশন নির্ভর গেমটিতে ১৫১টি চরিত্র রয়েছে। এর মধ্যে কিছু চরিত্র নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ। দেশ বা শহর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন কিছু পোকেমন খুঁজে পাওয়া যায়। হেঁটে হেঁটে খেলতে হয় বলে গেমটি প্লেয়ারদেরকে শারীরিকভাবে সক্রিয় থাকতে সাহায্য করে। যে জায়গায় দাঁড়িয়ে প্লেয়াররা গেমটি খেলেন, গুগল ম্যাপের সাহায্যে সেখানের চারপাশের পরিবেশকে ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ফোনের স্ক্রিনে তুলে আনা হয়। গেমটি খেলতে তাই স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ, জিপিএস সিস্টেম ও ক্যামেরা চালু রাখতে হয়।